ad
ad

Breaking News

Samik Bhattacharya

“অপরাধী হয় জেলে থাকবে, না হলে আকাশে!” বারুইপুর এনকাউন্টার নিয়ে বিস্ফোরক শমীক

এনকাউন্টার প্রসঙ্গে তাঁর আরও মন্তব্য, “সরকার কড়া পদক্ষেপ নিয়েছে

Samik Bhattacharya t Sends Tough Message Baruipur Encounter

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তের এনকাউন্টার ঘিরে এবার কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার তিনি স্পষ্ট জানান, অপরাধী বা ধর্ষক কাউকেই রেয়াত করা হবে না। তাঁর বক্তব্য, ভোটের আগে রাজ্যের মহিলাদের সামনে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার সেই পথেই এগোচ্ছে।শমীক বলেন, “কোনও অপরাধী, ধর্ষককে ছেড়ে রাখা যাবে না। ভোটের আগে বিজেপি রাজ্যের মহিলাদের বলেছিল, ‘ভয় আউট, ভরসা ইন’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই বার্তা দিয়েছিলেন। সংকল্পপত্রে যা ছিল, আমরা তা করেছি।” এনকাউন্টার প্রসঙ্গে তাঁর আরও মন্তব্য, “সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। কোনও অপরাধীকে আর ছেড়ে রাখা যাবে না। রাজনৈতিক নেতার আশীর্বাদে আর কেউ বাঁচতে পারবে না। অপরাধী হয় জেলে থাকবে, না হলে আকাশে।”

বারুইপুর-কাণ্ডের সূত্র ধরে কামদুনি-কাণ্ডের প্রসঙ্গও টেনে আনেন শমীক। আগের তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন, “কামদুনিতে যে অপরাধ হয়েছিল, সেখানে তৃণমূলের ভূমিকা কী ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বের করা হবে।” শমীকের অভিযোগ, তৃণমূল আমলে বহু ঘটনা চাপা দেওয়া হত এবং অপরাধীদের আড়াল করা হত। তাঁর কথায়, “কামদুনি বিচার পায়নি। সব ঘটনা চেপে যেত, অপরাধীদের আড়াল করা হত। একটি ‘কনসোলিডেটেড’ ভোটব্যাঙ্কের জন্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হত না। এখন আইন মেনে ব্যবস্থা হচ্ছে, হবে।” একইসঙ্গে তিনি জানান, কামদুনি-কাণ্ডের ফাইল ফের খোলার আবেদন তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন।

অন্যদিকে, বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তাঁর বক্তব্য, অপরাধ করলে কেউ পার পাবে না। তিনি বলেন, “যাঁরা ভাবছেন পার পেয়ে যাবেন, তাঁদের কেউ বাঁচাতে পারবে না।” অগ্নিমিত্রার দাবি, অভিযুক্তকে ধরার পর ঘটনার পুনর্নিমাণের সময় সে পালানোর চেষ্টা করেছিল। সেই সময়ই পুলিশ ব্যবস্থা নেয়। এনকাউন্টারের বিরোধিতা যাঁরা করছেন, তাঁদের উদ্দেশে পুরমন্ত্রীর পাল্টা প্রশ্ন, “তাঁরা কি তাহলে ধর্ষণের ঘটনাকে সমর্থন করছেন?” এদিকে, বারুইপুরের এনকাউন্টারকে ‘দৈববিচার’ বলে দাবি করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। সব মিলিয়ে বারুইপুর-কাণ্ডে এনকাউন্টারকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের মধ্যেই অপরাধীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিচ্ছে বিজেপি নেতৃত্ব।