প্রতীকী চিত্র
Bangla Jago Desk: সাতসকালে অফিসপাড়া সল্টলেকে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি দ্রুত গতির বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং তাঁর স্বামী গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে (Salt Lake)।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম আরতি দাস, যিনি পানিহাটির বাসিন্দা। তাঁর আহত স্বামীর নাম অসীম দাস। বুধবার সকালে, যখন এই দম্পতি সল্টলেক কলেজ মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন, ঠিক সেই সময় একটি বেসরকারি বাস তাঁদের সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে রক্তাক্ত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী অসীম দাস আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ দিল্লিতে বিস্ফোরণের পর নেতানিয়াহুর ভারত সফর স্থগিত, নতুন তারিখ ঘোষণা হবে শীঘ্রই
জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে ছুটতে থাকা বাসের সামনে হঠাৎ করেই এই বৃদ্ধ-বৃদ্ধা এসে পড়েন। এই ঘটনায় আবারও পথ নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অফিস টাইমে বাস চালকরা প্রায়শই নিজেদের মধ্যে বেপরোয়াভাবে রেষারেষি করেন। এমনকি, অনেক সময় যাত্রীরা বাসের বাইরে বাদুড়ঝোলা হয়ে ঝুলে থাকেন, তবুও চালকদের গতির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না (Salt Lake)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
সাম্প্রতিক সময়ে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বেপরোয়া বাস ও গাড়ির ধাক্কায় বহু মানুষের মৃত্যুর খবর শিরোনামে এসেছে। এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে বাস মালিক ও চালকদের নিয়ে সচেতনতা সভা করা হলেও, চালকদের মধ্যে প্রয়োজনীয় হুঁশ ফেরেনি বলে যাত্রীদের একাংশের অভিযোগ। অতিরিক্ত গতির কারণেই সামনে কেউ চলে এলে তা এড়ানো চালকদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে, যার ফলস্বরূপ এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ঘাতক বাসের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে (Salt Lake)।