চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk: আর জি কর কাণ্ডের বিচার নিয়ে অসন্তোষ তুঙ্গে। সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে আবারও পথে নামলেন চিকিৎসকরা। সোমবার বিধাননগরের সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে মিছিল বের করা হয়। তবে পুলিশি বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রসঙ্গত, এই মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয় এবং দ্রুত বিচার শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীদের একাংশের দাবি, সঞ্জয় কি একাই এই অপরাধ ঘটিয়েছে? তদন্ত ঠিক পথে এগোচ্ছে তো? কেন এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়নি?
বিক্ষোভের ডাক দিয়েছিল এমএসসি, এসডিএফ ও এনইউ। সিজিও কমপ্লেক্সের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। আন্দোলনকারীরা গার্ডরেলের বাধা সরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরেই পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়।
আন্দোলনকারীদের আগের এক দাবি ছিল, নির্যাতিতার শরীরে ১৫০ গ্রাম বীর্যের অস্তিত্ব পাওয়া গেছে। পরে জানা যায়, সেই তথ্য ভুল। এছাড়া আন্দোলনের নামে টাকা তোলার অভিযোগও উঠেছে, যা আন্দোলনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
যদিও আদালতের রায়ে অভিযুক্তের কঠোর শাস্তি হয়েছে, তবু আন্দোলনকারীরা বারবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। সত্যিই কি বিচার হয়নি, নাকি রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলন চালানো হচ্ছে? এই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।
সোমবারের উত্তেজনার পর প্রশ্ন একটাই—এই আন্দোলন কি সত্যিই ন্যায়বিচারের জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও উদ্দেশ্য?