ছবিঃ সংগৃহীত
দেবজিৎ মুখার্জি, কলকাতা: অভয়ার (RG Kar Case) পরিবার ও অভয়া মঞ্চের পর এবার আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (ডাব্লিউবিজেডিএফ)। সাংবাদিক বৈঠক করে তাদের তরফ থেকে এই ব্যাপারে যাবতীয় সবকিছু জানিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ৯ই আগষ্টের আগেও তারা এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে, সেটাও জানিয়ে দেওয়া হয়।
[আরও পড়ুন: SSC Appeal: এসএসসি বিজ্ঞপ্তি মামলায় এবার ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশন]
গতবছর ৯ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভের আগুনে জ্বলতে শুরু করে গোটা বাংলা। সুবিচারের দাবিতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। শুধু তাই নয়, ‘রাত দখল’ থেকে শুরু করে অনশন ও ‘নবান্ন অভিযান’, সবকিছুই করা হয় (RG Kar Case)।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় শাসক-বিরোধী রাজনৈতিক তর্কাতর্কি। শাসকদল তৃণমূল কংগ্রেসকে লাগাতার কটাক্ষ করতে থাকে বিজেপি ও বাম-কংগ্রেস। যদিও তাদেরকেও পাল্টা দেন ঘাসফুল শিবিরের নেতা ও মুখপাত্ররা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও অভয়ার পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের সমস্ত সমস্যার সমাধানেরও প্রতিশ্রুতি দেওয়া হয়।
এই হত্যাকাণ্ডের দেখতে দেখতে হতে চলেছে এক বছর। ইতিমধ্যেই, অভয়ার পরিবার ও অভয়া মঞ্চ নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছে। এবার ঘোষণা করলো আরজি কর আন্দোলনকে নেতৃত্ব দেওয়া ডাব্লিউবিজেডিএফ। জুনিয়র ডাক্তার দেবাশীষ হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “৮ ও ৯ অগাস্টের মাঝে রাত ১২টা থেকে ৪টে পর্যন্ত আমরা রাস্তায় থাকব। তার আগে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত আমাদের মিছিল হবে হাতে মশাল নিয়ে। সেখানে একাধিক কর্মসূচি থাকবে (RG Kar Case)।”
[আরও পড়ুন: Wife Murder: গোঘাটে পরকীয়ার জেরে স্বামী খুন, গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক]
তিনি আরো বলেন, “পরদিন সকালে রাখিবন্ধন। সেদিন বিকেলে জমায়েতের ডাক দিয়েছি আরজি করে ‘ক্রাই অফ দ্য আওয়ার’এর সামনে। থ্রেট কালচার থেকে শুরু করে ধর্ষণ কালচার, এগুলোকে নিয়ে অবস্থান হবে। প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, যাঁরা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন, তাঁরা সকলেই যেন নিজেদের মতো করে যোগ দেন, সেই আবেদনই জানাতে চাই (RG Kar Case)।”