ad
ad

Breaking News

Red Road Independence Day

বদলের বাংলায় স্বাধীনতা দিবসে প্রথমবার রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গে নামছে কেন্দ্রীয় বাহিনী

১৫ আগস্টের পতাকা উত্তোলন ও কুচকাওয়াজকে ঘিরে রেড রোডজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

Red Road Independence Day Security Boosted with Central Forces

চিত্রঃ প্রতীকী

AK Bangla Desk: বদলের বাংলায় এবারই প্রথম স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ১৫ আগস্টের পতাকা উত্তোলন ও কুচকাওয়াজকে ঘিরে রেড রোডজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ১৫০০ পুলিশকর্মীর সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনীর চার কোম্পানি। নিরাপত্তার জন্য তৈরি করা হচ্ছে ১২টি ওয়াচ টাওয়ার ও ১১টি বাঙ্কার। কলকাতা পুলিশের বিশেষ বাহিনী এবং কম্যান্ডোদেরও মোতায়েন করা হচ্ছে। শনিবার সকালে রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে নিরাপত্তার স্তর আরও বাড়ানো হয়েছে। রেড রোডের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে কড়া নজরদারি।

শুধু রেড রোড নয়, গোটা কলকাতাতেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা। শহরে অতিরিক্ত প্রায় ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। রেড রোডকে নিরাপত্তার স্বার্থে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। এই ১৩টি জোনের অধীনে রয়েছে মোট ৮০টি সেক্টর। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার একজন করে পুলিশকর্তা। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে ৯টি PCR ভ্যান ও ৩টি কুইক রেসপন্স টিম। নজরদারি আরও জোরদার করতে কলকাতায় বসানো হচ্ছে ১৯টি পুলিশ পিকেট। মেট্রো স্টেশনগুলিতে থাকবে ২৫টি পিকেট। পাশাপাশি শহরের বিভিন্ন বাজার ও শপিং মলে ২৪টি পিকেট থাকবে। কালীঘাট মন্দির-সহ আরও সাতটি ধর্মীয় স্থানেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

শহরের ২৩টি গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং চালানো হবে। অতিরিক্ত CCTV-র মাধ্যমে নজরদারির পাশাপাশি শুক্রবার রাত থেকেই রেড রোড ও সংলগ্ন এলাকায় দফায় দফায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড দিয়ে চলছে বিস্ফোরক এবং সন্দেহজনক বস্তু খোঁজার অভিযান। নাশকতার কোনও সম্ভাবনা যাতে না থাকে, সে জন্য দর্শকদের ভিড়ের মধ্যেও সাদা পোশাকে পুলিশকর্মীদের মোতায়েন করা হচ্ছে। অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের গতিবিধির উপরও থাকবে কড়া নজর। শহরের বিভিন্ন হোটেলেও চলছে বিশেষ চেকিং। এদিকে নিরাপত্তার কারণে রেড রোড ও ময়দান সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। ফলে স্বাধীনতা দিবসের সকালে ওই এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।