ad
ad

Breaking News

Park Street

দোলের সকালে বিকট শব্দে কেঁপে উঠল পার্ক স্ট্রিট! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি

ছুটির দিন হওয়ায় এবং ওই সময় বাড়ির নিচে বা ভেতরে কেউ না থাকায় এক ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে

Park Street 150-Year-Old Building Partially Crashes

চিত্র- AI

Bangla Jago Desk: উৎসবের সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পার্ক স্ট্রিট। দোলের আনন্দ যখন তুঙ্গে, ঠিক তখনই এলাকার একটি ১৫০ বছরের পুরনো বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে ভবনটিতে সেই সময় কেউ না থাকায় কোনো প্রাণহানির খবর মেলেনি। মঙ্গলবার সকালে পার্ক স্ট্রিট এলাকায় অবস্থিত ওই জরাজীর্ণ বাড়িটির ছাদের একটি বড় অংশ হঠাৎই ধসে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্ক স্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। এলাকাটি ঘিরে ফেলে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়। ছুটির দিন হওয়ায় এবং ওই সময় বাড়ির নিচে বা ভেতরে কেউ না থাকায় এক ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুর্ঘটনার নেপথ্যে রয়েছে গত ২৭ ফেব্রুয়ারির ভূমিকম্প। তাঁদের মতে, দীর্ঘ দেড়শ বছরের পুরনো হওয়ায় বাড়িটি এমনিতেই জরাজীর্ণ অবস্থায় ছিল। সংস্কারের অভাবে কাঠামোটি নড়বড়ে হয়ে পড়েছিল। গত ২৭ তারিখ কলকাতায় যে ভূমিকম্প অনুভূত হয়েছিল, তার জেরেই বাড়ির দেওয়ালে ফাটল ধরে এবং ভিত্তি আরও দুর্বল হয়ে যায়। সেই দুর্বলতা সহ্য করতে না পেরেই এদিন সকালে ছাদটি ভেঙে পড়ে।

উল্লেখ্য, সোমবারই সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচে একটি কংক্রিটের চাঙড় ভেঙে পড়ার ঘটনা ঘটে। পর পর দুই দিনে শহরের দুই প্রান্তে এমন ঘটনায় সাধারণ মানুষের মনে আশঙ্কার দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে, ভূমিকম্পের প্রভাবেই কি শহরের পুরনো ও সরকারি কাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে? মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো বিবৃতি না দিলেও, পার্ক স্ট্রিটের ঘটনাটি শহরের পুরনো বাড়িগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিল।