ad
ad

Breaking News

Abhishek Banerjee

“গাফিলতি প্রমাণিত হলে কাউকে রেয়াত নয়”, স্যালাইন কাণ্ডে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেদিনীপুর জেলা হাসপাতালের স্যালাইন কাণ্ডে এবার প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মেদিনীপুর জেলা হাসপাতালের স্যালাইন কাণ্ডে এবার প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফলতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

দিন কয়েক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন প্রসূতি সন্তানের জন্ম দেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে একজন, মামণি রুইদাস, মারা যান। বাকি চারজনের মধ্যে তিনজনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, এবং একজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতালে বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছিল। ঘটনার পরপরই রাজ্য সরকার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন সাময়িকভাবে নিষিদ্ধ করেছে এবং ঘটনার তদন্তভার দিয়েছে সিআইডিকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “কেউ দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে। গাফিলতি প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না।”

মঙ্গলবার সিআইডির একটি দল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তদন্ত শুরু করে। তারা হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলে এবং স্যালাইন ও চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য বিভাগ কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। তবে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং ক্ষোভ ক্রমশ বেড়ে চলেছে।