ad
ad

Breaking News

বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ, শপথ নিলেন নীতীশের ছেলে নিশান্ত-সহ ৩১ জন

পাটনার গান্ধি ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়।

nishant-kumar-nitish-son-bihar-cabinet-expansion

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাবা বিহারের ময়দান ছাড়তেই রাজনীতিতে অভিষেক ছেলের। রাজনৈতিক কেরিয়ারে শুরুতেই মন্ত্রী পদ পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার।  বৃহস্পতিবার বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ হয়। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে শপথ নেয় মোট ৩১ জন। তাঁদের মধ্যে নাম ছিল নিশান্ত কুমার। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র।

পাটনার গান্ধি ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং সংগঠন সম্পাদক বি এল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও জগৎ প্রকাশ নাড্ডা-সহ বিজেপি শাসিত রাজ্যগুলির একাধিক মুখ্যমন্ত্রীও।

এই অনুষ্ঠানকে বিজেপির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ প্রথমবার বিহারে সরকার পরিচালনায় নেতৃত্ব দিচ্ছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল বলেন, এটি সরকারি অনুষ্ঠান হলেও দলের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল হোক।

এদিকে জেডিইউ-তে যোগদানের পর প্রথমবার প্রশাসনিক দায়িত্ব নিতে চলেছেন নিশান্ত কুমার। মার্চ মাসে জেডিইউ-তে যোগ দিয়েছিলেন তিনি। নীতীশ কুমারের রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার পরই তাঁর রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে জল্পনা আরও জোরদার হয়। যদিও প্রথমদিকে মনে করা হচ্ছিল, নিশান্ত মন্ত্রী হতে আগ্রহী নন। কিন্তু দলীয় নেতৃত্ব ও কর্মীদের অনুরোধে তিনি মন্ত্রিসভায় যোগ দিতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, গত ৩ মে পশ্চিম চম্পারণের ভাল্মিকীনগর থেকে নিশান্ত কুমার শুরু করেছিলেন ‘সদ্ভাব যাত্রা’। এই এলাকা নীতীশ কুমারের রাজনৈতিক যাত্রার ক্ষেত্রেও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

শুধু বিজেপি ও জেডিইউ নয়, শাসক জোটের অন্য শরিক দলগুলিও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেতে চলেছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) এবং জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার)-এর প্রতিনিধিরাও মন্ত্রী হতে পারেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি থেকে যাঁরা শপথ নেন তাঁদের মধ্যে রয়েছেন রাম কৃপাল যাদব, কেদার গুপ্ত, নীতীশ মিশ্র, মিথিলেশ তিওয়ারি, রামা নিশাদ, বিজয় কুমার সিনহা, দিলীপ জয়সওয়াল, প্রমোদ চন্দ্রবংশী, লখবিন্দর পাসওয়ান, সঞ্জয় টাইগার, ইঞ্জিনিয়ার কুমার শালেন্দ্র, নন্দ কিশোর রাম, রামচন্দ্র প্রসাদ, অরুণ প্রসাদ এবং শ্রেয়সী সিং।

অন্যদিকে জেডিইউ থেকে নিশান্ত কুমারের পাশাপাশি শ্রবণ কুমার, মদন সহনি, লেসি সিং, শ্বেতা গুপ্ত, ভগবান সিং কুশওয়াহা, দামোদর রাওয়াত, বুলো মণ্ডল, সুনীল কুমার, শীলা মণ্ডল, রত্নেশ সাদা, জামা খান এবং অশোক চৌধুরী শপথ নেয়। সব মিলিয়ে বিহারের রাজনীতিতে এই মন্ত্রিসভা সম্প্রসারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। এখন নজর বৃহস্পতিবারের শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে।