চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক স্তরে কেন্দ্র–রাজ্যের টানাপোড়েনের আবহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দার্জিলিংয়ের প্রাক্তন জেলাশাসক মনীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানিয়ে দিল নবান্ন।
নবান্ন সূত্রে খবর, গতকালই রাজ্যের তরফে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দার্জিলিং জেলার প্রাক্তন জেলাশাসক মনীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চেয়ে রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছিল। সেই সঙ্গে তিন দিনের মধ্যে এ বিষয়ে রাজ্যের মতামত জানাতে বলা হয়েছিল।
কেন্দ্রের ওই অনুরোধের প্রেক্ষিতে রাজ্য সরকার তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, উল্লিখিত দুই আধিকারিককে এই মুহূর্তে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো সম্ভব নয়।
প্রশাসনিক মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে রাজ্যের গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদের ডেপুটেশনে পাঠানো নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সেই আবহেই নবান্নের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।