Bangla Jago Desk: বিশ্ব ফুটবলের কিংবদন্তি লায়নেল মেসি আসার পরই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্ট লেক স্টেডিয়াম) দেখা গেল অব্যবস্থা ও বিশৃঙ্খলার ছবি। হাজার হাজার ভক্ত মেসির এক ঝলক দেখার আশায় স্টেডিয়ামে জমায়েত হয়েছিলেন, কিন্তু অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ত্রুটির কারণে অনেকেই সন্তুষ্ট হতে পারেননি। ফলে ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ চেয়ার-বোতল ছুঁড়ে মারেন এবং স্টেডিয়ামের কিছু অংশে ভাঙচুর চালান (Messi-Chaos)।
এই ঘটনায় গভীরভাবে ব্যথিত ও বিস্মিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, যুবভারতীতে যে অব্যবস্থা দেখা গেছে, তা নিয়ে আমি গভীরভাবে ব্যথিত ও বিস্মিত। আমি নিজে হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে প্রিয় ফুটবলার লায়নেল মেসির এক ঝলক দেখতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম।
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লায়নেল মেসি এবং সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আমি আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হচ্ছে। কমিটির সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে। পোস্টের শেষে মুখ্যমন্ত্রী আবারও সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে হৃদয়ের গভীর থেকে ক্ষমা চেয়েছেন (Messi-Chaos)।
উল্লেখ্য, মেসি তাঁর ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে কলকাতায় এসেছেন। স্টেডিয়ামে তাঁর সংক্ষিপ্ত উপস্থিতি এবং অনুষ্ঠানের ব্যবস্থাপনায় অসন্তোষের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিয়েছে (Messi-Chaos)।
নিয়মিত খবরে থাকতে ফলো করুন