চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আইপ্যাকের দফতরে ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে গত ২৪ ঘণ্টা ধরে রাজ্যের রাজনৈতিক মাঠ সরগরম। অনৈতিকভাবে এই তল্লাশির অভিযোগ তুলে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পথে নেমে প্রতিবাদ জানান।
এইদিন তিনি যাদবপুর ৮বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন এবং সেখানে এক জনসভায় বক্তৃতা দেন। হাজরার জনসভা থেকে মমতা তল্লাশির নেপথ্য কাহিনি সকলের সামনে তুলে ধরেন। মমতার বক্তব্য, “আমি প্রথমে ভেবেছিলাম, ওরা এসেছে কিছু জানতে বা দেখতে। আমি প্রতীককে ফোন করলাম, কিন্তু ফোন ধরল না। তখনই মনে হল, আমাদের দলের নথিপত্র কি নিয়ে যাচ্ছে না তো?” তিনি জানান, আইপ্যাক দলের পরামর্শদাতা সংস্থা এবং ভোট স্ট্র্যাটেজি ও দেখাশোনা করে। তাই তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “তারা সকাল ৬টায় এসেছে, আর আমি ১২টায় গেলাম। এতক্ষণে তো সব নথি নিয়ে চলে গিয়েছে! এসআইআরের তথ্য, ভোটারদের তথ্য, বিএলএ-দের নাম, ফোন নম্বর – এসব চুরি করতে এসেছিল। তুমি খুন করতে এলে আত্মরক্ষার অধিকার আছে আমাদের। চোরের মতো এসেছিল কেন? আমাদের দলের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে চেয়েছিল। আমি যা করেছি, তা কোনও অন্যায় নয়।”
আসলে, বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে যাওয়ার পর মমতার বিরুদ্ধে ইডি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিল। শুক্রবারের জনসভা থেকে মমতা সেই মামলার তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।