চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দীর্ঘ সংগ্রামী জীবন আর সাফল্যের নিরন্তর যাত্রা— বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এবার যুক্ত হতে চলেছে আরও একটি বিশেষ সম্মান। তাঁর মুকুটে যোগ হতে চলেছে নতুন একটি পালক। সূত্রের খবর, জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি’লিট (Doctor of Letters) উপাধিতে ভূষিত করা হচ্ছে।
জানা গিয়েছে, চলতি সপ্তাহেই কলকাতায় আসছেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আলিপুরের ‘ধনধান্যে’ প্রেক্ষাগৃহে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীকে এই সম্মানে ভূষিত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্মানটি তুলে দেবেন।
এর আগে মুখ্যমন্ত্রী ভারতের বিভিন্ন বিশিষ্ট প্রতিষ্ঠান থেকে সাম্মানিক ডি’লিট সম্মান পেয়েছেন। ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, এবং ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT) তাঁকে এই সম্মানে ভূষিত করে। এবার প্রথমবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এই মর্যাদা পেতে চলেছেন।
উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রী পদে বসার পর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরোধীদের একাংশ কটাক্ষ করলেও, তাতে তাঁর জনপ্রিয়তা ও জনসমর্থনে কোনও প্রভাব পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বেড়েছে বহুগুণে। এবার আন্তর্জাতিক স্তরেও সেই স্বীকৃতি মিলতে চলেছে এই সাম্মানিক উপাধির মাধ্যমে।