ad
ad

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: ইডি অভিযানের মাঝেই আইপ্যাক প্রধানের বাড়িতে সশরীরে হাজির মুখ্যমন্ত্রী!

সবাইকে চমকে দিয়ে প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee visits I-PAC chief Prashant Jain

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সেক্টর ফাইভের আইপ্যাক দফতরে ইডি তল্লাশির রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি ঘটনাস্থলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সল্টলেকের অভিযানের সমান্তরালে লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাসভবনেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই আবহে সবাইকে চমকে দিয়ে প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে তল্লাশি শুরুর খবর পেয়ে বেলা ১২টা নাগাদ প্রথমে সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তার কিছুক্ষণের মধ্যেই কনভয় নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে প্রতীক জৈনের বাড়ির অবস্থান জানতে চেয়ে সরাসরি ভেতরে ঢুকে যান তিনি।

প্রতীকের বাড়িতে মাত্র কয়েক মিনিট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে বেরিয়ে আসার সময় তাঁর হাতে একটি সবুজ রঙের ফাইল দেখা যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আর আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন!’’ মুখ্যমন্ত্রী আরও জানান যে, তিনি প্রতীক জৈনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। প্রতীককে নিজের ‘দলের ইনচার্জ’ হিসেবে অভিহিত করে মমতা অভিযোগ করেন, ইডি আধিকারিকরা হার্ড ডিস্ক ও মোবাইল ফোনের পাশাপাশি তৃণমূলের প্রয়োজনীয় নথিপত্রও নিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেন তিনি।

লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি এখান থেকে সরাসরি সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক দফতরে যাচ্ছেন। সেখানেও সকাল থেকে ইডির বিশেষ দল তল্লাশি চালাচ্ছে।