ad
ad

Breaking News

Mamata Banerjee

বিজেপিকে রুখতে এবার বাম, অতিবাম, জাতীয় দলকে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে ক্ষমতা হারানোর পর বিজেপির বিরুদ্ধে লড়তে এবার বাম এবং অতিবাম দলগুলিকেও পাশে চাইলেন তিনি।

mamata-banerjee-proposes-alliance-with-left-parties-against-bjp

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাংলার রাজনৈতিক সমীকরণে এক অভাবনীয় মোড় নিয়ে এলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতা হারানোর পর বিজেপির বিরুদ্ধে লড়তে এবার বাম এবং অতিবাম দলগুলিকেও পাশে চাইলেন তিনি। শনিবার যখন ব্রিগেডের মাঠে বিপুল জনসমাবেশের মধ্য দিয়ে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, ঠিক তখনই কালীঘাটের নিজ বাসভবনে রবীন্দ্রজয়ন্তী পালন করার সময় এই জোটের ডাক দেন মমতা। চারদিকে ‘সন্ত্রাসের বজ্রাঘাত’ চলছে বলে অভিযোগ তুলে তিনি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন এবং এনজিও-দের একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী মঞ্চ গড়ার আহ্বান জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান যে, বর্তমানে তাঁদের প্রধান শত্রু বিজেপি। এই লড়াইয়ে শামিল হতে তিনি বাম, অতিবাম সহ যে কোনো জাতীয় দলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন। তিনি আরও বলেন, যে কেউ চাইলে এই বিষয়ে আলোচনার জন্য বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে তাঁর অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন। তবে মমতার এই বাম-বান্ধব আহ্বানের প্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রতিক্রিয়া দিয়েছেন— “জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ফলতায় পুনর্নির্বাচন হওয়ায় ২৯৩টি আসনের ফলাফল সামনে এসেছে। সেখানে বিজেপি ২০৭টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তৃণমূল থমকে গিয়েছে ৮০টিতে। অন্যদিকে কংগ্রেস ২টি, সিপিএম ১টি, আইএসএফ ১টি এবং এজেইউপি ২টি আসনে জয়ী হয়েছে। ভোটের হারের নিরিখে বিজেপি যেখানে ৪৫.৮৪ শতাংশ ভোট পেয়েছে, সেখানে তৃণমূল পেয়েছে ৪০.৮০ শতাংশ। বাম-কংগ্রেসের ভোটের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এখন অস্তিত্ব রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘মহাজোট’-এর ডাক বাংলার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।