ad
ad

Breaking News

Mamata Banerjee

ভোটের আগে প্রান্তিক মানুষের মন জয়ে ৫টি নতুন উন্নয়ন পর্ষদ গড়ার ঘোষণা মমতার

সামাজিক মানোন্নয়নে পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার।

Mamata Banerjee Announces New Development Councils

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পিছিয়ে পড়া এবং অনগ্রসর শ্রেণির ভোটব্যাঙ্ক সংহত করতে একগুচ্ছ নতুন উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা করলেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, দলিত, আদিবাসী তথা তফশিলি জাতি, উপজাতি ও ওবিসি সম্প্রদায়ের আর্থ-সামাজিক মানোন্নয়নে পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবার মুন্ডা (এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি) এবং সদগোপ (ওবিসি) সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক পর্ষদ তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে, এই বোর্ডগুলি সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। এই জনজাতি ও গোষ্ঠীগুলি বাংলার সমাজকাঠামোর অবিচ্ছেদ্য অংশ বলে তিনি উল্লেখ করেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই প্রথম নয়, ২০১৩ সাল থেকেই রাজ্যে বিভিন্ন পিছিয়ে পড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এ ধরনের একাধিক বোর্ড গঠন করেছে মা-মাটি-মানুষের সরকার। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় দাবি করেছেন যে, দুর্বল ও প্রান্তিক শ্রেণির মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতে তাঁর সরকার সর্বদা অঙ্গীকারবদ্ধ। নতুন এই পর্ষদগুলি মূলত গ্রামীণ ও মফস্বল এলাকার আদিবাসী ও অনগ্রসর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এসটি, এসসি এবং ওবিসি ভোটারদের আস্থা অর্জন করতেই এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে শাসক দল। বিশেষত জঙ্গলমহল ও সীমান্তবর্তী জেলাগুলিতে এই জনজাতিগুলির প্রভাব যথেষ্ট বেশি। এই বোর্ডগুলি গঠন হওয়ার ফলে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণ হওয়ার পথ প্রশস্ত হলো বলে মনে করা হচ্ছে।