চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আই প্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যাওয়ার পর সরাসরি সংস্থার সল্টলেকের দফতরেও পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে প্রতীকের বাড়ি ও আই প্যাকের দফতরে একযোগে ইডি তল্লাশি চলার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয় (Mamata Banerjee)।
সল্টলেক সেক্টর ফাইভে আই প্যাকের অফিসে মুখ্যমন্ত্রীর পৌঁছোনোর পর সেখান থেকেও ফাইলের গোছা নিয়ে বেরোতে দেখা যায় পুলিশকর্মীদের। পরে সেই সব ফাইল মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে তোলা হয়। গোটা ঘটনাক্রম চলাকালীন মুখ্যমন্ত্রীর গাড়িকে ঘিরে রাখা হয় বিরাট পুলিশবাহিনী দিয়ে।
মুখ্যমন্ত্রী সল্টলেকের দফতরে পৌঁছোনোর আগেই সেখানে হাজির ছিলেন তৃণমূলের একাধিক স্থানীয় নেতা ও মন্ত্রী। তাঁদের মধ্যে ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রী পৌঁছোনোর পরই লিফ্ট ধরে সোজা চলে যান সেক্টর ফাইভের ওই বহুতলের ১১ তলায়, যেখানে আই প্যাকের দফতর অবস্থিত (Mamata Banerjee)।