ad
ad

Breaking News

Mamata Banerjee Development Projects

বিধানসভা ভোটের আগে তিন প্রকল্পে বিশেষ জোর মুখ্যমন্ত্রীর

বাংলার বাড়ি, পথশ্রী ও ‘আমাদের পাড়া–আমাদের সমাধান’ নিয়ে কড়া নির্দেশ জেলাশাসকদের

Mamata Banerjee Development Projects

চিত্রঃ সংগৃহীত

জয় চক্রবর্তী: বিধানসভা ভোটের আগে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলির বাস্তবায়নে কোনও রকম খামতি রাখতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই বাংলার বাড়ি, পথশ্রী এবং ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ এই তিনটি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তিনি। নবান্ন সূত্রে খবর, জেলাশাসকদের সঙ্গে বৈঠকেই এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী প্রায় ২৫ মিনিট উপস্থিত ছিলেন। বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, তিনটি প্রকল্পে কোথায় কী সমস্যা বা ঘাটতি রয়েছে, তা জেলা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। উন্নয়নের কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী।

এই বৈঠক মূলত ডেকেছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। সেই বৈঠকের মাঝপথেই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বৈঠকের পরেও মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বৈঠকে অন্যান্য বিষয় নিয়ে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।বৈঠকে বিশেষভাবে উঠে আসে পানীয় জলের সমস্যা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জলের ঘাটতি নিয়ে অভিযোগ আসছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দেন, এই ধরনের অভিযোগের দিকে বিশেষ নজর রাখতে হবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চললেও বাংলার মানুষের উন্নয়ন সংক্রান্ত কোনও অভিযোগ যেন না থাকে, সে বিষয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে হবে।এদিকে বৈঠক চলাকালীনই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১৬ লক্ষ উপভোক্তাকে অর্থ দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, ২৮ জানুয়ারির মধ্যেই এই উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই সেই অর্থ জেলাশাসকদের ট্রেজারিতে পৌঁছে গিয়েছে বলেও জানানো হয়েছে। জেলাগুলিকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, খুব সম্ভবত সিঙ্গুরের মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা তুলে দেওয়া হতে পারে। এই ঘোষণাকে ঘিরে প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ছে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে সামনে রেখে প্রশাসনিক গতি বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী—এমনটাই মনে করছে প্রশাসনিক মহল।