ad
ad

Breaking News

Mamata Banerjee

SIR আবহে এবার দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী! বুধবার সিঙ্গুরের সভা শেষেই কি রওনা?

বুধবার সিঙ্গুরে সভা সেরে তিনি যখন দিল্লির পথে রওনা হবেন

Mamata Banerjee to Visit Delhi Amid Voter List Controversy

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ যাওয়া নিয়ে চলা বিতর্কের মধ্যেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, বুধবার (২৮ জানুয়ারি) সিঙ্গুরে সরকারি কর্মসূচি শেষ করে সেখান থেকেই সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাতেই রাজধানীতে পৌঁছনোর কথা রয়েছে তাঁর (Mamata Banerjee)।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার সিঙ্গুরে সভা সেরে তিনি যখন দিল্লির পথে রওনা হবেন, সবার নজর থাকবে জাতীয় নির্বাচন কমিশনের দিকে। সূত্র মারফত জানা যাচ্ছে, ভোটার তালিকায় নাম বাদ পড়ার যে অভিযোগ তৃণমূল তুলেছে, সেই বিষয়ে কথা বলতে তিনি সরাসরি নির্বাচন কমিশনারের দফতরে যেতে পারেন।

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন। এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে দলের আপত্তির কথা সেখানে জানানো হয়েছিল। তৃণমূলের অভিযোগ, সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি দিল্লিতে আন্দোলনে নামবেন (Mamata Banerjee)।

মনে করা হচ্ছে, এবারের সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিনব কৌশল নিতে পারেন। সূত্রের খবর, ভোটার তালিকা থেকে যাদের পরিবারের সদস্যদের নাম ‘মৃত’ হিসেবে বাদ পড়ার উপক্রম হয়েছে, সেই পরিবারের প্রতিনিধিদের নিয়ে তিনি কমিশনে যেতে পারেন। এর মাধ্যমে তিনি রাজ্যের বাস্তব পরিস্থিতি জাতীয় স্তরে তুলে ধরতে চাইছেন।

প্রাথমিকভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই সফরের কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট এবং তার আগে সর্বদলীয় বৈঠকের ব্যস্ততার কারণেই এই দিনক্ষণ বদল বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ব্যস্ত সফরের কারণে রাজ্য মন্ত্রিসভার নির্ধারিত বৈঠকও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃণমূল ঘনিষ্ঠ মহলের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ‘শুনানি’ প্রক্রিয়ায় নাগরিকদের সমস্যার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্তরে কড়া বার্তা দিতে চলেছেন। সব মিলিয়ে, রাজ্যের আসন্ন নির্বাচনের আগে মমতার এই সফর যে নিছক প্রশাসনিক নয়, বরং বড় মাপের রাজনৈতিক বার্তা বহনকারী, তা নিয়ে কোনো সন্দেহ নেই (Mamata Banerjee)।