ad
ad

Breaking News

নেই নিজের বাড়ি-গাড়ি, কত সম্পত্তির মালকিন ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ মমতা?

নির্বাচনী হলফনামা অনুযায়ী, গত এক বছরে মমতার আয় বেড়েছে ঠিকই, কিন্তু তাঁর মোট সম্পত্তির পরিমাণ আজও আকাশছোঁয়া নয়।

Mamata Banerjee Net Worth, Income, and Assets

চিত্র- এআই নির্মিত

Bangla Jago Desk: টানা দেড় দশক ধরে বাংলার মসনদে আসীন তিনি, অথচ জীবনযাপনে সেই একই সাদামাটা রূপ। টালির চালের বাড়ি, সাধারণ সুতির শাড়ি আর পায়ে হাওয়াই চটি- এই ‘অগ্নিকন্যা’র রূপই চেনে আসমুদ্রহিমাচল। বুধবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভবানীপুর কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে জমা দেওয়া হলফনামায় সামনে এল তাঁর সম্পত্তির খতিয়ান, যা দেখে তাজ্জব বনে গিয়েছেন অনেকেই।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, গত এক বছরে মমতার আয় বেড়েছে ঠিকই, কিন্তু তাঁর মোট সম্পত্তির পরিমাণ আজও আকাশছোঁয়া নয়। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় দাঁড়িয়েছে ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা। হলফনামা পেশ করার সময় তাঁর হাতে নগদ ছিল মাত্র ৭৫ হাজার ৭০০ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা। এছাড়া নির্বাচনের খরচ মেটানোর জন্য ওই ব্যাঙ্কেই আরও একটি পৃথক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৪০ হাজার টাকা।

সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর গয়না এবং স্থাবর সম্পত্তির বিষয়টি। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নিজের নামে কোনও গাড়ি নেই তাঁর। নেই কোনও বাড়ি বা জমিও। মমতার মোট স্বর্ণালঙ্কারের পরিমাণ মাত্র ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম, যার বর্তমান বাজারমূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা। তাঁর নামে কোনও ব্যাংক ঋণ বা দেনাও নেই।

হলফনামায় মমতা তাঁর শিক্ষাগত যোগ্যতার কথাও উল্লেখ করেছেন। ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ (MA) এবং ১৯৮২ সালে যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজ থেকে এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন তিনি। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই এবং তিনি কোনওদিন দণ্ডিত হননি। সাধারণ মানুষের ‘দিদি’ যে আজও কতটা অনাড়ম্বর জীবন কাটান, হলফনামার এই পরিসংখ্যান যেন ফের তা প্রমাণ করল।