ad
ad

Breaking News

Mahua Moitra

“গ্যালন গ্যালন মামলা হচ্ছে”—মহুয়ার জরুরি শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট, নিয়ম মেনেই চলবে মামলা

সেই আবেদন খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম মেনেই মামলার শুনানি হবে

Mahua Moitra Calcutta High Court Rejects Urgent Hearing

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: নদিয়ার সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে জরুরি শুনানির আবেদন ফেরাল কলকাতা হাই কোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মহুয়ার আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে সেই আবেদন খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম মেনেই মামলার শুনানি হবে। আদালতের পর্যবেক্ষণ, “এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে।” বিচারপতি ভট্টাচার্য বলেন, আগে মামলা দায়ের করা হোক। তারপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই সেটি শুনানির জন্য আসবে। অর্থাৎ, মহুয়া মৈত্রের মামলায় জরুরি ভিত্তিতে শুনানির কোনও নির্দেশ দিল না হাই কোর্ট। সাংসদকে লক্ষ্য করে ডিম, পোড়া বেগুন, ইট-সহ একাধিক জিনিস ছোড়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। গত শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর তরফে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। আদালতে মহুয়ার পক্ষ থেকে জানানো হয়, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ক্ষেত্রে পুলিশ যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে। কিন্তু তিনি যে অভিযোগ করেছেন, সেগুলি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। সেই প্রেক্ষিতেই আদালতের কাছে সুরক্ষার আবেদন জানান কৃষ্ণনগরের সাংসদ।

আদালত তাঁকে মামলা দায়েরের অনুমতি দিলেও জরুরি শুনানির আবেদন গ্রহণ করল না। মঙ্গলবার মহুয়ার আইনজীবী অয়ন ভট্টাচার্য দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু বিচারপতি ভট্টাচার্য স্পষ্ট করে দেন, মামলার নিজস্ব প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম মেনেই শুনানি হবে। প্রসঙ্গত, গত ১ জুলাই নদিয়ার কালীগঞ্জে দলীয় কার্যালয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়েন। পাশাপাশি ‘চোর চোর’ স্লোগানও ওঠে বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মহুয়া। সঙ্গে সঙ্গে ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন নদিয়ার সাংসদ।

তবে আপাতত এই মামলায় জরুরি শুনানির রাস্তা খুলল না। মামলা দায়ের হলে নিয়ম মেনেই পরবর্তী শুনানির সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট।