ad
ad

Breaking News

Mahathmashree Scheme

কেন্দ্রের বঞ্চনার যোগ্য জবাব! ১০০ দিনের কাজের বিকল্প প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ, রাজ্য বাজেটে বড় প্রস্তাব চন্দ্রিমার

গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করতে এই প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

Mahathmashree Scheme West Bengal Allocates ₹2000 Crore

চিত্র- সংগৃহীত

Bangla jago Desk: কেন্দ্র-রাজ্য সংঘাত এবং প্রকল্পের নামবদল নিয়ে দীর্ঘ টালবাহানার মাঝে গ্রামবাংলার মানুষের জন্য বড় ঘোষণা করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের নিজস্ব ১০০ দিনের কাজ তথা ‘মহাত্মাশ্রী’ প্রকল্পের জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে ‘ভিবি জিরামজি’ করার কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। পাল্টা পদক্ষেপ হিসেবে গত ডিসেম্বরেই রাজ্যপালের অনুমোদনক্রমে রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে রাখা হয় ‘মহাত্মাশ্রী’। এই নামকরণের মাধ্যমে রাজ্য সরকার একদিকে যেমন বাপুজির প্রতি শ্রদ্ধা জানিয়েছে, তেমনই কেন্দ্রের ‘রাম’ নামাঙ্কিত প্রকল্পের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদও গড়ে তুলেছে।

গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করতে এই প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় কাজের দিনের সংখ্যা অর্থাৎ কর্মদিবস বাড়ানোর কথা বলা হয়েছে, যা সরাসরি উপকৃত করবে কয়েক লক্ষ প্রান্তিক শ্রমিক ও কৃষককে। অর্থমন্ত্রী জানিয়েছেন, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলে এই বিশাল বরাদ্দ এবং কর্মপরিকল্পনা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। গত রবিবার কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তেমন কোনো বড় ঘোষণা না করায় গ্রামবাংলার মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের নামবদল নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও কেন্দ্র অনড় থাকায় রাজ্য সরকার নিজস্ব পথে হাঁটার সিদ্ধান্ত নেয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের মন জয় করতে এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত পদক্ষেপ। ‘মহাত্মাশ্রী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে প্রত্যন্ত এলাকার ভোটব্যাঙ্ক নিজেদের অনুকূলে রাখতে চাইছে শাসকদল।