ad
ad

Breaking News

Kunal Ghosh

Kunal Ghosh: যুবভারতীতে মেসিকে ঘিরে চরম বিশৃঙ্খলা! কুণাল ঘোষের নিশানায় আয়োজকরা

এই পরিস্থিতিতে আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ

Kunal Ghosh Slams Messi Event Chaos

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দর্শকাসন থেকে বোতল ছোড়া এবং দর্শকদের ভাঙচুরের ঘটনায় সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে এক ঝলক দেখতে না পাওয়ায় হতাশ এবং ক্ষুব্ধ দর্শকরা মাঠে নেমে ভাঙচুর শুরু করে দেন। এই পরিস্থিতিতে আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখল না? শুধু টাকা? শুধু ব্যবসা? এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল।” তিনি প্রশ্ন তোলেন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?” এই ঘটনা কলকাতার জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন কুণাল।

আয়োজক শতদ্রু দত্ত আগে জানিয়েছিলেন, শনিবার সকাল ১১টা থেকে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি এবং তিনি মাঠ পরিক্রমা করবেন। শাহরুখ খানেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। মেসি সময়মতো মাঠে এলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। কেউ চার মাস আগে টিকিট কেটেছেন, কেউ আবার ‘ভোর ৪টে থেকে অপেক্ষা করছেন’— এমন হাজারো ভক্ত মেসিকে দেখতে না পেয়ে হতাশ হন। এরপরই বিশৃঙ্খলা চরমে ওঠে।

কুণাল ঘোষ আরও বলেন, “কয়েকজনের আদিখ্যেতা দেখলাম, এটা মেসিকে দেখা না নিজেকে জাহির করা। কোনও পরিকল্পনা নেই।” তিনি স্মরণ করিয়ে দেন, ২০১১ সালে এই যুবভারতীতেই মেসি খেলেছিলেন এবং সেদিন কর্নার ফ্ল্যাগের পাশে বসে খেলা দেখলেও কোনো বাড়াবাড়ি হয়নি। সুষ্ঠু পরিকল্পনার অভাবে এবারের ঘটনায় সাধারণ দর্শক বঞ্চিত হলেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।