Bangla Jago Desk: সোমবার থেকেই কলকাতায় গরমের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আকাশ মেঘলা থাকলেও সাধারণ মানুষ ঘামের অস্বস্তিতে ভুগছেন। শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গরমের প্রথম ঢেউয় সাধারণ মানুষ কার্যত হাঁসফাঁস করছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই থাকবে সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী বুধবার পর্যন্ত শহরে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই।
দক্ষিণবঙ্গে আজ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা জেলাগুলি হলো—দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা যায়, বৃষ্টির কারণে খুব বেশি পরিবর্তন হবে না। বরং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী চারদিন দিনে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে, এরপর ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে।



