ad
ad

Breaking News

Kolkata Temperature

কলকাতার পারদ ঊর্ধ্বমুখী, বীরভূম-মুর্শিদাবাদে শীতের কামড় ও কুয়াশার সতর্কতা

উত্তরবঙ্গের বাইরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে। এর মধ্যে বীরভূমের সিউড়িতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের দ্বিতীয় সর্বনিম্ন।

Kolkata Temperature Rises as Cold Conditions Continue

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দু’দিনের ব্যবধানে কলকাতার রাতের তাপমাত্রা প্রায় দু’ডিগ্রি বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীই দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় ধীরে ধীরে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। এর আগের দিন, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে, যা চলতি মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল (Kolkata Temperature)।

যদিও কলকাতায় শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে জেলার বিভিন্ন অংশে এখনও ঠান্ডার দাপট স্পষ্ট। শুক্রবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিঙে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বাইরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে। এর মধ্যে বীরভূমের সিউড়িতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের দ্বিতীয় সর্বনিম্ন।

এ ছাড়াও মুর্শিদাবাদের বহরমপুরে ৮.৪ ডিগ্রি, হাওড়ার উলুবেড়িয়ায় ৮.৬ ডিগ্রি, বীরভূমের শ্রীনিকেতনে ৮.৮ ডিগ্রি এবং নদিয়ার কল্যাণীতে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরবর্তী কয়েক দিন তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে। এর পর ধীরে ধীরে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আবার ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে (Kolkata Temperature)।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে কুয়াশার প্রভাব বাড়বে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ২০০ থেকে ৯৯৯ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই সব জেলায় দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।

উত্তরবঙ্গে ঠান্ডার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিঙে তুষারপাত হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে (Kolkata Temperature)।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরের কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে ১০ ডিগ্রি, কোচবিহারে ১০.১ ডিগ্রি, জলপাইগুড়িতে ১০.২ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুক্রবার কৃষ্ণনগরে ৯.২ ডিগ্রি, ব্যারাকপুরে ৯.৬ ডিগ্রি, বর্ধমানে ১০ ডিগ্রি, মগড়ায় ১০ ডিগ্রি, বাঁকুড়ায় ১০.৭ ডিগ্রি, কাঁথিতে ১১ ডিগ্রি, ক্যানিংয়ে ১১.৪ ডিগ্রি, আসানসোলে ১১.১ ডিগ্রি এবং পানাগড়ে ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। কলকাতার উপকণ্ঠ দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, আর সল্টলেকে পারদ ১৩.৫ ডিগ্রির নীচে নামেনি (Kolkata Temperature)।