ad
ad

Breaking News

Mamata Banerjee

কলকাতার রাজপথে শেষ যুদ্ধের প্রস্তুতি! ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর মমতার মেগা মহামিছিল

তৃণমূল সূত্রে খবর, দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ ছয়টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে নেত্রীর এই দীর্ঘ পদযাত্রা।

Mamata Banerjee Plans Mega Roadshow Across South Kolkata

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের আগে শেষ মুহূর্তের প্রচারে বড়সড় চমক দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ এপ্রিল, অর্থাৎ দ্বিতীয় তথা শেষ দফার ভোটের প্রচারের শেষ দিনে কলকাতার রাজপথে একটি বিশাল মহামিছিলের পরিকল্পনা করেছে শাসকদল। তৃণমূল সূত্রে খবর, দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ ছয়টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে নেত্রীর এই দীর্ঘ পদযাত্রা।

প্রাথমিকভাবে ২৪ এপ্রিল এই মিছিল হওয়ার কথা থাকলেও দলীয় সিদ্ধান্তে তা পরিবর্তন করে ২৭ তারিখ করা হয়েছে। ওই দিন দুপুরবেলা যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিলের সূচনা করবেন তৃণমূল সুপ্রিমো। মিছিলটি ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট ও বালিগঞ্জ ফাঁড়ি অতিক্রম করে এগোবে। পরিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে গিয়ে এই মহামিছিলের সমাপ্তি ঘটবে।

এই কর্মসূচির মাধ্যমে একইসঙ্গে যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, রাসবিহারী, কসবা এবং ভবানীপুর— এই ছয়টি কেন্দ্রের ভোটদাতাদের কাছে পৌঁছাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলাবেন হেভিওয়েট প্রার্থীরাও। উপস্থিত থাকার কথা টালিগঞ্জের অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবার জাভেদ খানের। এছাড়া সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর ও ব্লক স্তরের নেতারাও মিছিলে শামিল হবেন।

রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার চালালেও নিজের কেন্দ্র ভবানীপুরের দায়িত্ব ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসদের ওপর ছেড়ে দিয়েছিলেন নেত্রী। মূলত প্রথম দফার ১৫২টি আসনের ওপরই এতোদিন তাঁর বিশেষ নজর ছিল। মঙ্গলবারই প্রথম দফার প্রচার শেষ হয়েছে এবং বৃহস্পতিবার ওই আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার শেষ লগ্নে কলকাতার খাসতালুক ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে দলের শক্তি প্রদর্শন করতেই এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। দক্ষিণ কলকাতার এই মেগা শো-কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উৎসাহ তৈরি হয়েছে।