ad
ad

Breaking News

Kolkata Police

মত্ত অবস্থায় অভব্যতা, দোলের দিন কলকাতা পুলিশের জালে ৩৩০ জন

অভিযানের সময় পুলিশ প্রায় ২৫ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করেছে।

Kolkata Police 330 Arrested During Holi

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: শহরের রঙের উৎসবের আনন্দ যাতে বিষাদে পরিণত না হয়, তার জন্য কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। দোলের দিন অভব্য আচরণ, মদ্যপ অবস্থায় ঘোরাফেরা এবং অশান্তি পাকানোর অভিযোগে শহরজুড়ে মোট ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে বিশেষ নজরদারি চালানো হয়েছিল এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ধরপাকড় চলে। অভিযানের সময় পুলিশ প্রায় ২৫ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করেছে।

নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে লালবাজারের পক্ষ থেকে প্রায় চার হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। যুগ্ম পুলিশ কমিশনার এবং ডিসি পদমর্যাদার আধিকারিকরা সরাসরি রাস্তায় নেমে পরিস্থিতি তদারকি করছেন। গোটা শহরে প্রায় ৪০০টি পুলিশ পিকেট বসানো হয়েছে, যার মধ্যে ৮৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া শহরের অলিগলিতে টহল দেওয়ার জন্য কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান এবং পুলিশের বিশেষ বাইক বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আজ হোলির দিনও একই রকম কড়াকড়ি বজায় থাকছে।

উৎসবের দিনগুলোতে দুর্ঘটনা এড়াতে গঙ্গার ঘাট এবং শহরের বড় জলাশয়গুলোতে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। মদ্যপ অবস্থায় কেউ যাতে জলে না নামেন, তা নিশ্চিত করতে ৬৬টি ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ঘাটে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর (ডিএমজি) সদস্যদের। পাশাপাশি বহুতল বাড়ির ছাদ বা বারান্দা থেকে পথচারীদের লক্ষ্য করে রঙ বা জলের বেলুন ছোড়া রুখতেও পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। জোর করে রঙ মাখানো বা শ্লীলতাহানির মতো অভিযোগ পেলেই দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানাকে।