ad
ad

Breaking News

Kolkata Police

বুলডোজার মিছিল নিষিদ্ধ করল কলকাতা পুলিশ, জেসিবি ভাড়া দিলেই বড় বিপদ

হগ মার্কেট কাণ্ডের পরেই বড় পদক্ষেপ! বুলডোজার নিয়ে রাস্তায় নামলেই পুলিশি ব্যবস্থা

Kolkata Police Bans Bulldozer Rallies After Post-Election Violence

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বিধানসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের উল্লাস ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। এই আবহে উত্তরপ্রদেশের ধাঁচে জেসিবি বা বুলডোজার নিয়ে বিজয় মিছিলের এক নতুন ট্রেন্ড মাথা চাড়া দিয়েছে। কিন্তু এই ধরনের ‘উচ্ছ্বাস’ রুখতে এবার অত্যন্ত কড়া অবস্থানে কলকাতা পুলিশ। খোদ পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট জানিয়ে দিলেন, কোনোভাবেই বুলডোজার নিয়ে মিছিল করা যাবে না।

জেসিবি ভাড়া দিলেই আইনি খাঁড়া

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার অজয় নন্দা ঘোষণা করেন, জেসিবি বা বুলডোজার নিয়ে কোনও মিছিল বা শোডাউন বরদাস্ত করা হবে না। শুধু মিছিলে অংশগ্রহণকারীরাই নয়, যে বা যারা এই ধরনের ভারী যন্ত্র ভাড়া দিচ্ছে, তাদের বিরুদ্ধেও আইন মেনে কঠোর পদক্ষেপ করা হবে। বিজয় মিছিলের জন্য স্থানীয় থানা থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাকশন মুডে পুলিশ, গ্রেফতার ৮০

সোমবার ফল প্রকাশের পর থেকেই রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছিল। বিশেষ করে মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেটের হগ মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়ার ঘটনায় জনমানসে তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ঘটনার পর থেকে বিক্ষিপ্ত অশান্তি ছড়ানোর দায়ে এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করা হয়েছে।

গুজবে কান দেবেন না, বার্তা কমিশনারের

পরিস্থিতি সামাল দিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলার অবনতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশ সুপার, মুখ্য সচিব এবং কলকাতা পুলিশ কমিশনারকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, শহরের পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো সমস্যায় সাধারণ মানুষ পুলিশের কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করতে পারেন।

রাজ্যের পালাবদলের পর আইন-শৃঙ্খলা বজায় রাখা নতুন সরকারের কাছে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। পুলিশি কড়াকড়িতে এই ধরনের ‘বুলডোজার সংস্কৃতি’ কতটা নিয়ন্ত্রণে থাকে, সেটাই এখন দেখার বিষয়।