চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: কলকাতাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শহরের যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল করতে আগামী সপ্তাহ থেকেই চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়হীনতা এবং আইনি জটিলতার কারণে এই গুরুত্বপূর্ণ কাজটি আটকে ছিল। অবশেষে আদালতের হস্তক্ষেপ এবং প্রশাসনিক জট কাটায় ৩৬৬ মিটার মেট্রো লাইন জুড়তে ট্রাফিক নিয়ন্ত্রণে সবুজ সংকেত দিয়েছে কলকাতা পুলিশ। মূলত ভোট পরবর্তী মে মাসের দুটি নির্দিষ্ট উইকএন্ডে যান নিয়ন্ত্রণ করে এই কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটা অংশে এই কর্মযজ্ঞ শুরু হবে। রেল আধিকারিকদের মতে, বর্তমানে কেন্দ্র ও রাজ্যে একই দলের শাসন থাকায় মেট্রো ও রেলের থমকে থাকা প্রকল্পগুলো দ্রুত গতি পাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগেকার সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবই ছিল কলকাতায় মেট্রো সম্প্রসারণের প্রধান অন্তরায়। বিশেষ করে অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা অংশে জমি ও কাজের সমস্যা এবার পুরোপুরি মিটতে চলেছে। আগামী ১৫-১৮ মে এবং ২২-২৪ মে বাইপাসে যান নিয়ন্ত্রণ করে এই নির্মাণ কাজ চালানো হবে বলে জানানো হয়েছে।
ব্যস্ততম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যান নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ হওয়ায় আগে পুলিশের অনুমতি পেতে সমস্যা হচ্ছিল। তবে হাইকোর্টের কড়া ভর্ৎসনার পর সেই জট খুলেছে। এই গুরুত্বপূর্ণ অংশটি জুড়ে গেলে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত সংযোগ স্থাপন অনেক সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে পার্পল লাইন বা জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প নিয়েও আশাবাদী কর্তৃপক্ষ। এসপ্ল্যানেডের বি.সি. রায় মার্কেটের জমি সংক্রান্ত সমস্যা মিটে গেলে বেহালাবাসীর যাতায়াতে এক নতুন দিগন্ত খুলে যাবে। পাশাপাশি নোয়াপাড়া-বারাসাত ইয়েলো লাইন প্রকল্পও নতুন উদ্যমে এগোবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে থমকে থাকা মেট্রো প্রকল্পগুলো এবার দ্রুত বাস্তবের মুখ দেখতে চলেছে।