ad
ad

Breaking News

Ezra Street Fire

এজরা স্ট্রিটের বহুতলে আগুন, ঘটনাস্থল পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম

মেয়র জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখতে আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

kolkata-ezra-street-fire-safety-scrutiny

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: কলকাতার এজরা স্ট্রিটের একটি বহুতলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। মেয়র জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখতে আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

পরিদর্শনের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, “ওই বহুতলে বৈদ্যুতিন তারগুলো অগোছালোভাবে রাখা হয়েছে। আমি সিইএসসি, দমকল, ব্যবসায়ী সমিতি, পুরসভা ও পুলিশকে নিয়ে বৈঠক করব। যাতে বড়বাজারে ব্যবসা সুষ্ঠুভাবে চালানো যায় এবং দমকল বাহিনী কোনো সমস্যায় না পড়ে। এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের।”

অগ্নিকাণ্ডে ক্ষুব্ধ কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ, “এটি ঘিঞ্জি এলাকা। কমপক্ষে ২২ বার আগুন লেগেছে। আগুন লাগার ঝুঁকি নিয়ে বহুবার দমকল ও পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কারও কোনো পদক্ষেপ হয়নি। আমার কাছে সব কাগজপত্র রয়েছে।” তবে মেয়র ফিরহাদ হাকিম এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “ওই বহুতলে অবৈধ নির্মাণ হয়েছে কিনা, তা কলকাতা পুরসভা বিল্ডিং বিভাগের পরিদর্শন ছাড়া বলা সম্ভব নয়। একশো বছরের পুরনো এই ভবনগুলোতে কে কী করছেন, তা জানা যায় না। পরিদর্শন শেষে প্রমাণ পেলে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে।”

অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। মেয়র জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে ক্ষতির পরিমাণ যাচাই করা হবে এবং প্রয়োজনমতো আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এজরা স্ট্রিটের মতো ঘিঞ্জি এলাকায় কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “আগুনের কারণ ফরেনসিক তদন্ত না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। ব্যবসায়ীদের অনুরোধ, ব্যবসা চালান, রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে, কিন্তু দয়া করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক রাখুন।”

কলকাতায় সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ফায়ার অডিটে বিশেষ নজর দেওয়া হলেও, এমন ঘিঞ্জি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।