ad
ad

Breaking News

Kasba

ধস্তাধস্তিতে মৃত্যু! কসবার হোটেলে রাতে কী ঘটেছিল? যুবক খুনের ঘটনায় নতুন তথ্য

পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় পাওয়া যায় এবং তাঁর দুই পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল।

Kasba Hotel Murder Case: Two Accused Arrested in Youth’s Death

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: কসবার (Kasba) একটি হোটেলে এক যুবকের মৃত্যুর ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের নাম ধ্রুব মিত্র এবং কমল সাহা। শুক্রবার রাতে কসবার হোটেলের একটি ঘর থেকে আদর্শ লোসালকা নামে ২৭ বছর বয়সী এক যুবকের দেহ উদ্ধার হয়। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় পাওয়া যায় এবং তাঁর দুই পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল।

পুলিশ সূত্রে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ আদর্শ হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে ছিলেন আরও এক যুবক এবং এক তরুণী। একটি অ্যাপের মাধ্যমে দুটি ঘর বুক করা হয়। তদন্তে জানা যায়, রাত আড়াইটার দিকে ওই দুই ব্যক্তি হোটেল ছেড়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে তাঁদের কসবা মেইন রোডের দিকে হেঁটে যেতে দেখা যায় (Kasba)।

গ্রেফতার ধ্রুব মিত্র একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কর্মরত এবং কমল সাহা পেশায় কনটেন্ট রাইটার। তদন্তকারীদের দাবি, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সেদিনই আদর্শের সঙ্গে তাঁদের পরিচয় হয় এবং পরে তাঁরা হোটেলে যান।

পুলিশের প্রাথমিক অনুমান, হোটেলে পৌঁছনোর পর কোনও বিষয় নিয়ে তিনজনের মধ্যে বচসা শুরু হয়, যা হাতাহাতিতে রূপ নেয়। সেই সময় আদর্শ মাথায় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যান। এরপর তাঁর পা বেঁধে ঘটনাস্থল ত্যাগ করেন ধৃত দুই ব্যক্তি। জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছেন, আদর্শ যাতে প্রতিরোধ করতে না পারেন, সেই কারণেই তাঁর পা বেঁধে দেওয়া হয়েছিল। তবে বচসার কারণ ও ঘটনাক্রম বিস্তারিত জানতে জেরা চলছে (Kasba)।

পুলিশ জানিয়েছে, ধ্রুব মিত্র (২০) নদিয়ার কুপার্স ক্যাম্পের বাসিন্দা এবং কামাল সাহা (২০) উত্তর ২৪ পরগনার মোহনপুরের বাসিন্দা। দু’জনেই দমদমের সিঁথি এলাকায় ভাড়া থাকতেন।

আদর্শ লোসালালকা বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে বাঙুর এলাকায় একাই থাকতেন। তাঁর নাক থেকে রক্তক্ষরণের পাশাপাশি মাথায়ও আঘাতের চিহ্ন মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে (Kasba)।