ad
ad

Breaking News

Anandlok Hospital

সল্টলেক আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলবাহিনী

মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা

Anandlok Hospital Massive Blaze at Bidhannagar

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ী সংলগ্ন আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। হাসপাতালের দোতলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী থেকে শুরু করে সাধারণ পথচারীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

সূত্রের খবর, এ দিন সকালে আনন্দলোক হাসপাতালের দ্বিতীয় তলের একটি অংশ থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় অপারেশন থিয়েটারের (OT) একাংশ। রাস্তার ওপর থেকেই আগুনের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছিল। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান।

অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল দ্রুত তৎপরতার সঙ্গে রোগীদের স্থানান্তরের কাজ শুরু করে। জানা গেছে, প্রায় ১০০ জন রোগীকে নিরাপদ আশ্রয়ে সরাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। তাঁদের প্রত্যেককে হাসপাতালের অন্য একটি ভবনে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁরা বর্তমানে সুরক্ষিত রয়েছেন।

ঠিক কী কারণে এই আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও পুলিশের প্রাথমিক অনুমান— এসিতে শর্ট সার্কিট হওয়ার ফলেই এই বিপত্তি ঘটেছে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। দমকলের প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্বস্তির বিষয় এই যে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখছে প্রশাসন।