চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: হগ মার্কেটে বুলডোজার দিয়ে ভাঙচুর এবং ভোট-পরবর্তী অশান্তির অভিযোগে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর মূল অভিযোগ হল, পুলিশের উপস্থিতিতেই হগ মার্কেট সংলগ্ন এলাকায় তাণ্ডব চালানো হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। শুক্রবার উচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ ১৫ বছর পর বাংলার রাজনীতিতে বড়সড় পটপরিবর্তন ঘটেছে। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে ফল ঘোষণার দিন অর্থাৎ গণনার রাতে নিউ মার্কেট এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। অভিযোগ উঠেছে, বিজেপির পতাকা হাতে একদল যুবক হগ মার্কেট এলাকায় হকারদের অস্থায়ী দোকানপাট এবং তৃণমূলের একটি দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে এলাকায় মোতায়েন করতে হয়েছে।
মামলাকারী আদালতে দাবি করেছেন যে, পুলিশ আধিকারিকদের সামনেই এই জেসিবি বা বুলডোজার তাণ্ডব চলেছে। তাই সেই সময় দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি, রাজ্যের অন্যান্য প্রান্তেও তৃণমূলের কার্যালয় ভাঙচুর এবং অশান্তির যেসব অভিযোগ উঠছে, সেগুলিতেও আদালতের হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনায় সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। হগ মার্কেটের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা সাফ জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই জেসিবি নিয়ে মিছিল করা যাবে না। যারা এই ধরনের যন্ত্র ভাড়া দেবেন, তাঁদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিজয় মিছিলের ক্ষেত্রেও আগে থেকে পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গোলমালের খবর আসায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে আদালত।