চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ২০১৬-র এসএসসির গোটা প্যানেল গত সপ্তাহের বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল হয়েছে। এর মাঝে মঙ্গলবার সকালে এসএসসি নিয়ে বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্য পদ মামলায় মঙ্গলবার সকালে হাইকোর্টের নির্দেশ-কে খারিজ করে দিল শির্ষ আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি শেষে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের আবেদন খারিজ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আইনসঙ্গত কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও এই সিদ্ধান্তকে অপরাধ বলে গণ্য করা যায় না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে মন্ত্রিসভার কার্যবিবরণীতে কোথাও বেআইনি চাকরি বাঁচাতে এই পদ সৃষ্টি করা হচ্ছে বলে উল্লেখ নেই। তাই এটা নিয়ে প্রশ্ন তোলা যায় না। তবে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কতটা আইন সংগত তা নিয়ে মামলার পথ খোলা রেখেছে সুপ্রিম কোর্ট। যদিও রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
রাজ্য শিক্ষা দফতর এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য প্রায় ছ’হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তে রাজ্য মন্ত্রিসভারও অনুমোদন ছিল। এই বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত আইনসঙ্গত নয় বলে জানায় কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এর সঙ্গে এই সিদ্ধান্তে যুক্ত মন্ত্রিসভার সদস্যদের সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে নির্দেশ দেয় আদালত। এবার সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এতে কিছুটা হলেও স্বস্তি পেল মমতা ও রাজ্য মন্ত্রিসভা।
উল্লেখ্য, ২০২২ সালে এসএসসি মামলা হাইকোর্টে চলাকালীন রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা প্রথম হাইকোর্টে জানায় রাজ্য শিক্ষা দফতর। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগের অনুমতিও চায় শিক্ষা দফতর। যদিও হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই গোটা ঘটনায় সরকারি নির্দেশিকা খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বহাল রাখে। এবার সুপ্রিম কোর্ট মামলার শুনানির চূড়ান্ত পর্বে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল।