ad
ad

Breaking News

Weather

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর এলাকায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থান করছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে সাগর দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে।

Heavy rains in South Bengal due to low pressure

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বৃহস্পতিবার সকালে নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর এলাকায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থান করছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে সাগর দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। দিঘা থেকে নিম্নচাপ এখনও ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে নিম্নচাপের দূরত্ব ২১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিম। আর এই নিম্নচাপের জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টি হবে না।

শুক্রবারও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। মুর্শিদাবাদ জেলাতে দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তারপর থেকেই ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ।

আলিপুরদুয়ারে শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণ হতে পারে সেখানে। এ ছাড়া রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহেও। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরের বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। প্রশাসনের তরফ থেকে করে হচ্ছে মাইকিং প্রচার। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।