চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: রাতের অন্ধকারে পিস্তল দেখিয়ে সোনা লুঠের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার সিঁথিতে। এক স্বর্ণকারকে মারধর করে এবং ৩ কোটি টাকার সোনা লুট করে তাঁরই স্কুটি করে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে বলে অভিযোগ। আক্রান্ত স্বর্ণকারের তরফ থেকে বৃহস্পতিবার রাতে সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: WB HS 2025 Results: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২ শতাংশ, প্রথম দশে ৬৯ জন]
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযোগকারী স্বর্ণকারের ওয়ার্কশপ সিঁথির রাজা অপূর্ব কৃষ্ণ লেনে। তিনি বড়বাজারে গিয়েছিলেন এবং প্রায় তিন কোটি টাকার সোনা কেনেন কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর থেকে গয়না বানানোর জন্য, যার ওজন প্রায় ২ কিলো ৩৮০ গ্রাম। তা নিয়ে তিনি ফিরছিলেন স্কুটি করে। অভিযোগ, ওয়ার্কশপের কাছে পৌঁছাতেই তাঁর পথ আটকান দুজন।
আততায়ীরা পিস্তল দেখিয়ে সেই সোনা হাতিয়ে নেন স্কুটির ভিতর থেকে। বাধা দিতে গেলে ব্যবসায়ীকে মারধর করা হয়। এরপর সেই আক্রান্ত স্বর্ণকারের স্কুটি নিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার তিনি লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। জানা গিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করার জন্য পুলিশের তরফ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকার।