চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: গ্যাসের দামে বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু একধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি করল কেন্দ্র। গতকাল, শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম। ১৪.২ কেজি ওজনের গৃহস্থালির সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৯৩৯ টাকায়। শুধু গৃহস্থের হেঁসেলে নয়, বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামও একধাক্কায় ১১৪ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে, যার ফলে বাণিজ্যিক সিলিন্ডারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১৯৯০ টাকা। এই মূল্যবৃদ্ধির প্রভাবে রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাত্যহিক খরচে বড়সড় টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি জ্বালানি সংকটের আশঙ্কায় কেন্দ্র ‘জরুরিকালীন ক্ষমতা’ বা এসমা (ESMA) জারি করেছে এবং দুটি সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান বাড়িয়ে ২১ দিন করা হয়েছে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রীর গর্জন ও প্রতিবাদ মিছিল। রান্নার গ্যাসের এই নজিরবিহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, আকাশছোঁয়া দাম দিয়ে সাধারণ মানুষ কীভাবে রান্না করবে? কেন্দ্রের নীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, “আগে থেকে কেন বিষয়টি ভাবা হল না? দেশ বেঁচে দিয়ে কি গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন?” এই চরম মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল, রবিবার কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
হাতা-খুন্তি নিয়ে আন্দোলনের ডাক: রবিবারের এই প্রতিবাদ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন যে, তিনি নিজে সাদা পোশাকে থাকলেও মিছিলে অংশগ্রহণকারী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে কালো পোশাক পরে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মহিলাদের প্রতি তাঁর বার্তা, গ্যাসের দামের প্রতিবাদ জানাতে তাঁরা যেন হাতা-খুন্তি নিয়ে মিছিলে শামিল হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে গ্যাসের দামের এই বৃদ্ধি এবং মুখ্যমন্ত্রীর এই অভিনব প্রতিবাদ কর্মসূচি রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।