ad
ad

Breaking News

Eastern Railway

রেল পরিষেবায় ইতিহাস! অগাস্টেই পণ্য পরিবহণে সর্বকালীন রেকর্ড গড়ে বাজিমাত পূর্ব রেলের

পূর্ব রেলের দাবি, পণ্য পরিবহণে এই সাফল্য শিল্পক্ষেত্র, নির্মাণ পরিকাঠামো এবং সামগ্রিক রেল পরিষেবার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে

Eastern Railway Achieves Historic High Loading

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: পণ্য পরিবহণে নতুন মাইলফলক স্পর্শ করল পূর্ব রেল। আগস্ট ২০২৬-এ সর্বকালীন সর্বোচ্চ পণ্য লোডিংয়ের রেকর্ড গড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলওয়ে জোন। পূর্ব রেলের দাবি, পণ্য পরিবহণে এই সাফল্য শিল্পক্ষেত্র, নির্মাণ পরিকাঠামো এবং সামগ্রিক রেল পরিষেবার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আগস্ট মাসে পূর্ব রেল মোট ৮.২৩ মিলিয়ন টন পণ্য লোডিং করেছে। গত বছরের আগস্টে এই পরিমাণ ছিল ৭.১৭ মিলিয়ন টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পণ্য লোডিং বেড়েছে ১৪.৯ শতাংশ। পরিমাণের হিসাবে গত বছরের তুলনায় অতিরিক্ত ১.০৬ মিলিয়ন টন পণ্য পরিবহণ করা হয়েছে। এই বৃদ্ধির ফলেই আগস্ট মাসের জন্য সর্বকালীন সর্বোচ্চ লোডিংয়ের রেকর্ড তৈরি হয়েছে।

চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত হিসাবেও বৃদ্ধি বজায় রেখেছে পূর্ব রেল। এই পাঁচ মাসে মোট পণ্য লোডিং হয়েছে ৪১.৬২ মিলিয়ন টন। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৩৯.৭৭ মিলিয়ন টন। অর্থাৎ ইয়ার-টু-ডেট হিসাবে পণ্য লোডিং বৃদ্ধির হার ৪.৭ শতাংশ। বিশেষ করে কয়লা পরিবহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এপ্রিল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত পূর্ব রেল মোট ২৮.৪৯ মিলিয়ন টন কয়লা লোডিং করেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৫.৭৯ মিলিয়ন টন। অর্থাৎ কয়লা লোডিং বেড়েছে ১০.৫ শতাংশ। শুধু কয়লাই নয়, আগস্ট মাসে একাধিক পণ্যের লোডিংয়ে বৃদ্ধি দেখা গিয়েছে। গত বছরের আগস্টের তুলনায় কয়লা লোডিং ২৬.৬ শতাংশ বেড়ে ৪.২২ মিলিয়ন টন থেকে ৫.৩৫ মিলিয়ন টনে পৌঁছেছে। ব্যালাস্ট লোডিং ০.৪৮ মিলিয়ন টন থেকে বেড়ে হয়েছে ০.৫৬ মিলিয়ন টন, বৃদ্ধির হার ১৬.৬ শতাংশ। সিমেন্ট লোডিং ১২.১ শতাংশ বেড়ে ০.৪১ মিলিয়ন টন থেকে ০.৪৬ মিলিয়ন টন হয়েছে। একই সময়ে ইস্পাত লোডিং ৬.৬ শতাংশ বেড়ে ০.৪৪ মিলিয়ন টন থেকে ০.৪৭ মিলিয়ন টনে পৌঁছেছে।

পণ্য পরিবহণে এই বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে পূর্ব রেলের আয়ের ক্ষেত্রেও। আগস্ট ২০২৬-এ পণ্য পরিবহণ থেকে পূর্ব রেলের আয় হয়েছে ৭৬৩.৪৩ কোটি টাকা। গত বছরের আগস্টে এই আয় ছিল ৬০৭.৪৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আয়ের বৃদ্ধি হয়েছে ২৫.৭ শতাংশ। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত মোট পণ্য পরিবহণ আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবর্ষে এই সময়ের মধ্যে পূর্ব রেলের আয় হয়েছে ৩,৯৫৬.৪০ কোটি টাকা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩,৬৫১.৫৭ কোটি টাকা। অর্থাৎ ইয়ার-টু-ডেট হিসাবে আয় বেড়েছে ৮.৪ শতাংশ।