Bengla Jago Desk: বুধবার, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান নিয়েও এবার মুখ খুললেন। মুখ্যমন্ত্রী বলেন, ভারতে কর্মসংস্থান কমে গেছে, বেকারত্ব বেড়েছে , বাংলায় বেড়েছে কর্মসংস্থান। শুধু তাই নয়, বাংলায় ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গেই এদিন মুখ্যমন্ত্রীর মুখে বারবার ঘুরে ফিরে সোনা যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা, সেই শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের কথাও।
মুখ্যমন্ত্রী বলেন, আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। বাংলায় ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূয়সী প্রশংসার পাশাপাশি তিনি শিল্পপতিদের সমর্থনেও সুর চড়ান। নিশানা করতে ছাড়েননি কেন্দ্রের বিজেপি সরকারকেও। শিল্পপতিদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়েও মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শিল্পপতিদের গলা টিপে ধরছে কেন্দ্রীয় এজেন্সি। করের বোঝা চাপিয়ে দেওয়া নিয়েও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
এদিন শিল্পে বিনিয়োগের পরিসংখ্যানও রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য আমরা প্রস্তুত। ১৮৮ টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী।