ad
ad

Breaking News

Election Security

“একটা স্ট্যাম্পেড হয়ে গেলে কে দায় নিত?” বরাহনগরে পুলিশের ঢিলেঢালা নিরাপত্তায় মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

এই বিপুল জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কেবল ‘সরু ফিতে’ বা ‘ফিনফিনে দড়ি’ ব্যবহার করেছে।

Election Security Mamata Banerjee Slams Police

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ভোটের মুখে রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বরাহনগরের পদযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে ‘ঢিলেঢালা’ আখ্যা দিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, ভিড় সামলাতে পুলিশ যে ব্যবস্থা করেছিল তা অত্যন্ত অপর্যাপ্ত এবং এর ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এদিন ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দু’পাশে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু মিছিল শেষে বাগুইআটির সভায় পৌঁছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই বিপুল জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কেবল ‘সরু ফিতে’ বা ‘ফিনফিনে দড়ি’ ব্যবহার করেছে।

May be an image of one or more people and crowd

মুখ্যমন্ত্রী বলেন, “বরাহনগরে পুলিশের নিরাপত্তা অত্যন্ত ঢিলেঢালা ছিল। রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, অথচ পুলিশ সরু ফিনফিনে দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।” তাঁর দাবি, বিজেপির সভার জন্য বড় বড় ব্যারিকেড দেওয়া হলেও, তাঁর সভার ক্ষেত্রে তেমন কোনো ব্যবস্থা রাখা হয়নি। এদিন তিনি বলেন, “আমি নিজে চারটে জায়গায় স্ট্যাম্পেড (পদপিষ্ট হওয়া) আটকেছি। মহিলাদের টেনে তুলেছি। একটা স্ট্যাম্পেড হয়ে গেলে কে দায়িত্ব নিত?”

বর্তমানে নির্বাচনী বিধি বলবৎ থাকায় রাজ্যের পুলিশ-প্রশাসন সরাসরি নির্বাচন কমিশনের অধীনে। পুলিশের এই ‘নিষ্ক্রিয়তা’ বা ‘গাফিলতি’র নেপথ্যে যে কমিশনের নিয়ন্ত্রণ রয়েছে, তা স্পষ্ট করে দেন মমতা। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এদিনের ঘটনা সেই ক্ষোভকে আরও উসকে দিল।