চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: পরিযায়ী শ্রমিকদের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সর্বভারতীয় স্তরে একটি নতুন ডিজিটাল পোর্টাল তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন । কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পোর্টাল শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, সারা দেশের এস আই আর সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে।
নতুন ব্যবস্থায় পরিযায়ী শ্রমিকরা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর ব্যবহার করে পোর্টালে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর ই-সাইন মারফত প্রয়োজনীয় সমস্ত নথি অনলাইনে জমা দেওয়ার সুবিধা থাকবে। এর ফলে কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকা ভোটারদের আর সরাসরি উপস্থিত হয়ে শুনানিতে অংশ নেওয়ার বাধ্যবাধকতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
একই সঙ্গে সরকারি কর্মী, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও ব্যাঙ্কের কর্মচারীরা যদি কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন, তাঁদের ক্ষেত্রেও শুনানিতে ব্যক্তিগত উপস্থিতি বাধ্যতামূলক করার নিয়মে ছাড় দেওয়া হচ্ছে। এই শ্রেণির ভোটারদের পরিবারের সদস্যরা যথাযথ নথি জমা দিতে পারবেন। এক্ষেত্রে ই-সাইনকেও বৈধ বলে মান্যতা দিচ্ছে নির্বাচন কমিশন।
কমিশন আরও জানিয়েছে, পড়াশোনা, চাকরি বা চিকিৎসার কারণে যারা রাজ্যের বাইরে রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট ভোটারের পরিবারের সদস্যরা ‘ফুলপ্রুফ’ বা যথাযথ প্রামাণ্য নথি সহ আবেদন ও কাগজপত্র জমা দিতে পারবেন।নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে পরিযায়ী শ্রমিক ও বাইরে থাকা ভোটারদের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন প্রশাসনিক মহল। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে SIR প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলেই আশা।