ad
ad

Breaking News

TMC Slams

“দিল্লি আজ নারীদের জন্য নরক”, দিল্লির পরিসংখ্যান তুলে শাহকে তোপ তৃণমূলের

বছরের প্রথম ১৫ দিনেই দিল্লিতে ৫০৯ জন মহিলা ও কিশোরী নিখোঁজ হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫৪ জন নারী নিখোঁজ হওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটছে রাজধানীতে।

Delhi Women Missing Crisis: TMC Slams Amit Shah Over Security

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দেশের রাজধানী দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তার বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালের শুরুর ১৫ দিনের এক ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে ঘাসফুল শিবিরের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাকের ডগায় দিল্লি আজ কার্যত নারীদের জন্য ‘নরক’ হয়ে উঠেছে। পুলিশের সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, বছরের প্রথম ১৫ দিনেই দিল্লিতে ৫০৯ জন মহিলা ও কিশোরী নিখোঁজ হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫৪ জন নারী নিখোঁজ হওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটছে রাজধানীতে (TMC Slams)।

তৃণমূলের পক্ষ থেকে সমাজমাধ্যমে এক পোস্টে বিজেপি সরকারকে বিঁধে বলা হয়েছে, বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার আগে অমিত শাহের উচিত নিজের ব্যর্থতা স্বীকার করা। বিজেপির ‘বেটি বাঁচাও’ স্লোগানকে নিছক ‘তামাশা’ বলে উল্লেখ করে সবুজ শিবির প্রশ্ন তুলেছে, গত ১০ বছরে দিল্লিতে ২.৩ লক্ষ মানুষ নিখোঁজ হওয়ার দায় কি স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না? শুধুমাত্র ২০২৫ সালেই যেখানে ২৪,৫০০-র বেশি মানুষ নিখোঁজ হয়েছেন, সেখানে দাঁড়িয়ে দিল্লির এই ‘অপশাসন’ নিয়ে সরব হয়েছে তৃণমূল।

পুলিশি পরিসংখ্যানেও এই সংকটের গভীরতা স্পষ্ট। ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে নিখোঁজ হওয়া ৮০৭ জনের মধ্যে ৫০৯ জনই ছিলেন নারী ও শিশু। মোট নিখোঁজ মামলার প্রায় দুই-তৃতীয়াংশই মহিলা সংক্রান্ত। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক নিখোঁজের মধ্যে ১৪৬ জনই মেয়ে। বিশেষ করে কিশোরীদের নিখোঁজ হওয়ার হার উদ্বেগজনকভাবে বেশি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও পরিসংখ্যান স্বস্তিদায়ক নয়; ৩৬৩ জন নারী এবং ২৫৩ জন পুরুষ মিলিয়ে মোট ৬১৬ জন প্রাপ্তবয়স্ক নিখোঁজ হয়েছেন এই স্বল্প সময়ে। পুলিশ এর মধ্যে ১৮১ জনকে খুঁজে বের করতে পারলেও ৪৩৫টি মামলা এখনও অমীমাংসিত (TMC Slams)।

তৃণমূলের অভিযোগ, দিল্লি আজ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৮ বছরের কম বয়সী শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনা এবং নিখোঁজ হওয়া কিশোর-কিশোরীদের ৭১ শতাংশ মামলা অমীমাংসিত থাকা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাই প্রকাশ করে দিচ্ছে। রাজনৈতিক মহলের মতে, জাতীয় স্তরে আইন-শৃঙ্খলা নিয়ে বিজেপি যখনই বিরোধীদের চাপে ফেলতে চাইছে, ঠিক তখনই রাজধানীর এই পরিসংখ্যানকে হাতিয়ার করে পালটা ‘লজ্জা পাওয়া উচিত’ বলে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। যদিও পুলিশ প্রশাসনের দাবি, নিখোঁজদের খুঁজে বের করতে সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং নারী-শিশুদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে (TMC Slams)।