চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: মঙ্গলবার অন্ধ্রের উপকূলে কাকিনাড়া বন্দরের কাছে স্থলভাগে আছড়়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্থা। রাতভর তাণ্ডব চলেছে অন্ধ্র ও ওড়িশায়। সঙ্গে ভারী বৃষ্টি। ক্রমে শক্তি হারিয়ে বুধবার ভোরে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদীয়ায় ঝড়বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল। সেই কারণে মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি, উত্তরেও হবে বৃষ্টি।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা পাওয়া গিয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।