Bangla Jago Desk : চৈত্র মাস শেষ হতে বাকি আরও কয়েক দিন। কিন্তু গরমে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কয়েক দিন থেকেই সকাল থেকে চাঁদিফাটা গরম এবং অস্বস্তিকর পরিবেশে কাবু হয়ে পড়েছে সারা রাজ্য। বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন রাজ্যবাসী। কিন্তু ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কয়েকটি জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী , গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বেশ কয়েকটি জেলায়। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ এই তিন জেলার পাশাপাশি, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে। বেশ কিছু এলাকায় ‘লু’ বইবার সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে শনিবার পর্যন্ত।
উল্লেখ্য , বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৯১ শতাংশ। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে , শনি ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।