ad
ad

Breaking News

Bengal Weather Update

প্রেমের সপ্তাহে ফের ফিরবে কনকনে শীত! থাকবে কুয়াশাও, কী বলছে হাওয়া অফিস?

সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে।

Bengal Weather Update: Mercury to Drop 3 Degrees

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গেও পারদ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কুয়াশার প্রভাবও লক্ষ্য করা যেতে পারে (Bengal Weather Update)।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের বেশির ভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নীচে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। যদিও কয়েকটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নাও হতে পারে। সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে জেলার বিভিন্ন অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভোরের দিকে কিছু সময়ের জন্য কুয়াশার প্রভাব দেখা যাবে বলে পূর্বাভাস। আগামী সোম ও মঙ্গলবার পর্যন্ত কয়েকটি জায়গায় দৃশ্যমানতা এক হাজার মিটারের নীচে নামতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় আগামী দু’দিন কুয়াশার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সকালে হালকা শিশির বা খুবই সামান্য কুয়াশা দেখা যেতে পারে (Bengal Weather Update)।

তাপমাত্রার হিসাবে, রবিবার পর্যন্ত দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। কালিম্পং ও পাহাড়ঘেঁষা সমতলে তাপমাত্রা থাকতে পারে ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। মালদহ-সহ উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে এবং কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে।

কলকাতায় বর্তমানে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি কম রয়েছে। আগামী কয়েক দিনে আরও কিছুটা কমার সম্ভাবনা থাকায় রাত ও সকালের দিকে শীতের অনুভূতি বাড়বে। রবিবারের মধ্যে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Bengal Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা শিশির বা কুয়াশা দেখা যেতে পারে। আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আগামী সপ্তাহের দিকে ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪২ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে (Bengal Weather Update)।