ad
ad

Breaking News

Bengal Rain

হঠাৎ ভোলবদল প্রকৃতির! চলতি সপ্তাহান্তেই ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Bengal Rain: Weather Change Likely with Rain Forecast

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বসন্তের আমেজের মাঝেই ভোলবদল করতে চলেছে বাংলার আবহাওয়া। ভোরের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ছে পারদ। তবে এই অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই দিতে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহান্ত থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশেও আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকার পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে আরও একটি নতুন ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই একাধিক বায়ুমণ্ডলীয় পরিবর্তনের জেরে রবি থেকে বুধবার পর্যন্ত টানা চারদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে এবং রবিবার থেকে শুরু হবে আসল দাপট। রবিবার মূলত দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি আরও বাড়বে। এই তালিকায় দুই মেদিনীপুরের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাও যুক্ত হতে পারে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়াতেও এর প্রভাব লক্ষ্য করা যাবে। শহরের তাপমাত্রা বর্তমানে ওঠানামা করছে। দিনের বেলা গরম অনুভূত হলেও রাতে কিছুটা আরামদায়ক আবহাওয়া থাকছে। তবে রবিবার থেকে তিলোত্তমাতেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। বৃষ্টির হাত ধরে তাপমাত্রার কিছুটা হেরফের হতে পারে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমানে আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবারের পর থেকে সেখানেও পরিস্থিতির বদল ঘটবে। হিমালয় সংলগ্ন জেলাগুলির মধ্যে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন বসন্তের রোদের বদলে মেঘলা আকাশ ও বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে গোটা বাংলা।