চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৬ সারের ঔপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কত দফায় হবে এবং কবে থেকে শুরু হবে ভোট,এই প্রশ্ন এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দু’দিনের বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
তিনি জানান, রাজ্যের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে কত দফায় ভোট হবে, তা এখনই চূড়ান্ত নয়। বাংলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
দিল্লি ফিরে কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। আগামী সপ্তাহেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। গত রবিবার বাংলায় পৌঁছন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। প্রথম দফায় রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। পাশাপাশি শাসক ও বিরোধী—সহ বাংলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন তাঁরা।
সব বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন। নির্বাচনের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিককে একমাত্র নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজ করতে হবে। কোনও রাজনৈতিক দল বা নেতার নির্দেশে কাজ করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, কোনও ভোটার বা ভোটকর্মীকে ভয় দেখানো বা প্রভাবিত করার অভিযোগ উঠলে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি মেনে ব্যবস্থা নেবে।স্বচ্ছতা বজায় রাখতে সব ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রে প্রবেশের আগে নির্দিষ্ট জায়গায় মোবাইল ফোন রেখে তবেই ভিতরে ঢুকতে পারবেন ভোটাররা। পাশাপাশি ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি প্রদর্শনের ব্যবস্থাও থাকবে, যাতে ভোটাররা সহজে প্রার্থীকে শনাক্ত করতে পারেন।