চিত্র- AI
Bangla Jago Desk: এবার থেকে ২০ জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। বুধবার নবান্ন থেকে সরকারিভাবে এই ঘোষণা করা হয়েছে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন পরিবর্তন করা হচ্ছে। তৃণমূল সরকারের আমলে পয়লা বৈশাখের দিন রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হত। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই সিদ্ধান্ত বদল করল নতুন বিজেপি সরকার। বঙ্গ বিজেপি দীর্ঘদিন ধরেই ২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের পক্ষে সওয়াল করে এসেছে। তাদের দাবি ছিল, পশ্চিমবঙ্গের ইতিহাসের সঙ্গে এই তারিখের বিশেষ তাৎপর্য রয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। সেই মতো রাজ্য সরকারের তরফে ১৪ এপ্রিল এই দিবস পালনও করা হয়েছিল। তবে শুরু থেকেই ওই সিদ্ধান্ত নিয়ে বিজেপির আপত্তি ছিল।
রাজ্যে পালাবদলের পর তৃণমূল সরকারের আমলের একাধিক সিদ্ধান্ত, নির্দেশ ও নিয়ম বদল করছে নতুন সরকার। সেই ধারাবাহিকতাতেই এবার পশ্চিমবঙ্গ দিবস পালনের দিনও বদল করা হল। নবান্নের ঘোষণা অনুযায়ী, আগামী দিনে ২০ জুনই সরকারি ভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। শুধু পশ্চিমবঙ্গ দিবসের দিন পরিবর্তনই নয়, কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের কথাও ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। সেদিনই মূর্তি স্থাপনের জন্য ভূমিপুজো হবে বলে জানানো হয়েছে।
এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল আমলে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্তকে ঘিরে আগেই রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। এবার ২০ জুনকে সরকারি স্বীকৃতি দেওয়ায় সেই বিতর্ক আরও নতুন মোড় নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।