চিত্র- সংগৃহীত
AK Bangla Desk: গুরুপূর্ণিমার পূর্ণ তিথিতে আরও একবার বেলুড় মঠে শ্রদ্ধা নিবেদন করতে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বেলা ১১টা নাগাদ তিনি মঠ প্রাঙ্গণে প্রবেশ করেন। বিশেষ এই তিথিতে সকাল থেকেই সেখানে ভক্ত ও দর্শনার্থীদের বিপুল সমাগম ছিল। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই এগিয়ে এলে, তিনি হেঁটে যেতে যেতেই তাঁদের সাথে কুশল বিনিময় করেন এবং সরাসরি রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল কার্যালয়ে প্রবেশ করেন।
এরপর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের কক্ষে যান। সেখানে পৌঁছেই মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম জানান এবং তাঁর চরণে পদ্মের মালা ও একটি মা কালীর মূর্তি উপহার হিসেবে তুলে দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য প্রবীণ সন্ন্যাসীদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের হাতে উপহার তুলে দেন। জানা গেছে, সাক্ষাৎকালে মঠের মহারাজদের সঙ্গে রাজ্য ও দেশের সার্বিক উন্নয়নমূলক নানান বিষয়ে শুভেন্দু অধিকারীর বেশ কিছুক্ষণ আলোচনা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৈশোরকাল থেকেই রামকৃষ্ণ মিশনের সাথে গভীর আত্মিক টান রয়েছে এবং কলকাতায় এলে তিনি প্রায়শই বেলুড় মঠে সন্ন্যাসীদের আশিষ নিতে ছোটেন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সেই ধারা বজায় রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়মিত মঠে যাতায়াত শুরু করেন। এর আগে সফরের মাত্র দু’ মাসের ব্যবধানে গুরুপূর্ণিমার শুভ লগ্নে তাঁর এই পুনরাগমন এবং মহারাজদের সাথে মতবিনিময় রাজনৈতিক ও সামাজিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সাক্ষাৎ পর্ব শেষে তিনি বেলুড় মঠ প্রাঙ্গণটি ঘুরে দেখেন।