ad
ad

Breaking News

Beldanga violence reaches Calcutta High Court

রণক্ষেত্র বেলডাঙার জল গড়াল আদালতে, প্রধান বিচারপতির অনুমতিতে দায়ের জোড়া জনস্বার্থ মামলা

মঙ্গলবারই এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Beldanga violence reaches Calcutta High Court

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বেলডাঙার সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার পৌঁছাল কলকাতা হাইকোর্টে। গত শুক্র ও শনিবারের ভয়াবহ গোলমালের ঘটনায় হাইকোর্টে দুটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে একটি মামলা দায়ের করার আবেদন জানিয়েছে বিজেপি। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়েরের অনুমতি প্রদান করেছে। মঙ্গলবারই এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মামলাকারীদের প্রধান আর্জি হল বেলডাঙার শান্তিশৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। ইতিপূর্বে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের অশান্তি রুখতে আদালত কেন্দ্রীয় বাহিনী নামানোর যে নির্দেশ দিয়েছিল, সেই একই পথ অনুসরণ করে বেলডাঙাতেও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আদালতের হস্তক্ষেপের মাধ্যমেই এলাকার স্বাভাবিক জনজীবন দ্রুত ফিরিয়ে আনতে চাইছেন আবেদনকারীরা।

এই ঝামেলার মূলে রয়েছে এক মর্মান্তিক ঘটনা। ঝাড়খণ্ডে বেলডাঙার বাসিন্দা জনৈক শ্রমিক আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। আলাউদ্দিনের মৃত্যুর প্রতিবাদে গত শুক্রবার থেকে রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা। দফায় দফায় রেলপথ ও সড়কপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। বহরমপুরগামী ট্রেনে ভাঙচুর ও ইটবৃষ্টির জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। লালগোলা লাইনে একের পর এক ট্রেন আটকে পড়ায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। শুক্রবারের সেই রেশ শনিবারও অব্যাহত ছিল। বেলডাঙা স্টেশনে রেলগেট ভাঙচুর এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে কার্যত স্তব্ধ হয়ে যায় জেলা। রাস্তায় সারি সারি বাস ও ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে পড়ায় বয়স্ক ও শিশুরা নাকাল হন। নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকেরাও এই চরম অচলাবস্থার মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গত দু’দিনের এই তাণ্ডব জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, যার বিচারবিভাগীয় সমাধান চেয়েই এখন আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা।