চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বেহালার বকুলতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু (Behala Tragedy)। বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল তাঁর অগ্নিদগ্ধ দেহ। মৃতার নাম সর্বাণী পাল। পর্ণশ্রী থানা এলাকার বকুলতলায় দোতলা বাড়িতে থাকতেন স্বামী-স্ত্রী। অসুস্থ স্বামীর সামনেই গায়ে আগুন দেন ওই বৃদ্ধা বলে জানা গিয়েছে। স্বামী কোনওক্রমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বৃদ্ধার ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একাকিত্ব ও অসহায়তার কথাই সেখানে লিখেছেন তিনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
[আরও পড়ুন: Vaishno Devi: ভয়াবহ পথদুর্ঘটনা বৈষ্ণোদেবীর রাস্তায়, বাস দুর্ঘটনায় নিহত ১]
বেহালার পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা মৃণালকান্তি পাল ও সর্বাণী পাল। তাঁদের ছেলে কর্মসূত্রে আমেরিকার শিকাগোয় থাকেন বলে জানা গিয়েছে। বিচ্ছেদের পর একাই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তিনি। তবে ফোনে বাবা-মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই মৃণালকান্তি অসুস্থ। সন্তানও কাছে নেই। ফলে মানসিক অবসাদ গ্রাস করেছিল বৃদ্ধাকে (Behala Tragedy)। তার জেরেই কি চরম সিদ্ধান্ত নিলেন তিনি? বুধবার রাতে আমচকাই দরজা বন্ধ করে গায়ে আগুন ধরিয়ে দেন তিনি বলে জানিয়েছেন মৃণালকান্তি। কোনও রকমে স্ত্রীকে উদ্ধার করেন তিনি। প্রতিবেশীদের সহযোগিতায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
[আরও পড়ুন: Subhashree Ganguly: ‘আমার লেডি সুপারস্টার’, শুভশ্রীকে নিয়ে গর্বিত বন্ধু মৌনী]
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। জানা গিয়েছে, দেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, সেখানে তিনি লিখেছেন, ‘দেখার কেউ নেই।’ প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সন্তান কাছে না থাকায় মানসিক অবসাদ গ্রাস করেছিল বৃদ্ধাকে। তার জেরেই কি এই মর্মান্তিক সিদ্ধান্ত? নাকি রয়েছে অন্য কোনও রহস্য? তদন্ত করছে পুলিশ।